“সাতদিনের মধ্যে রমজানের প্রয়োজনীয় পণ্যের সমস্যা সমাধান হবে”
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজান উপলক্ষে বাজারে তেল, খেজুর, ছোলাসহ যে সব পণ্যের সমস্যা রয়েছে, আগামী সাতদিনের মধ্যে এর সমাধান হয়ে যাবে।
তিনি আজ শুক্রবার দুপুরে ঢাকার সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, এবারের রমজানে বাজারে কোন খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাতদিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে।
তিনি বলেন, এবারের রমজানে সবকিছুই মজুদ রয়েছে। আশা করি বাজারকেন্দ্রিক কোন সমস্যা হবে না।
এসময় তিনি ট্যানারি মালিকদের পরিবেশ দূষণ থেকে রক্ষায় সবধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেন।





