সরে দাঁড়ালেন নিকি হ্যালি; ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত
সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে রিপাবলিকান পার্টি থেকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হচ্ছে।
ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় হ্যালিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে থাকা এক ডজন প্রার্থীর মধ্যে হ্যালি ট্রাম্পের সবশেষ প্রতিদ্বন্দ্বী, যিনি সরে দাঁড়ালেন।
স্থানীয় সময় বুধবার সকালে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি। ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, যাঁরা ট্রাম্পকে সমর্থন করেননি, তাঁদের ভোট তাঁকে অর্জন করে নিতে হবে।
হ্যালির একজন উপদেষ্টা বলেন, যদিও সুপার টুয়েসডেতে হ্যালির টিম ভারমন্টে জয় পেয়েছে এবং ভার্জিনিয়ার শহরতলিতে শক্ত সমর্থন দেখাতে পেরেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে যে পরিমাণ ভোট পাওয়া দরকার, তা পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের নানা কর্মসূচি





