দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড
দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশের বাজারে সব থেকে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা নির্ধারন করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে বিশ্ববাজারে সোনার দাম গতকাল মঙ্গলবার রেকর্ড উচ্চতায় ওঠে। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, মূলত দুটি কারণে সোনার দাম বেড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মুদ্রানীতির রাশ আলগা করবে, এমন খবর অনেক দিন ধরে বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং সেই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে মানুষ আবারও সোনার দিকে ঝুঁকছেন। মঙ্গলবার সোনার স্পটমূল্য শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ২ হাজার ১৪১ ডলারে উঠে যায়। তবে এরপর তা আবার ২ হাজার ১৩০ ডলারে নেমে আসে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে বলেছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ার কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে। জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৭ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ২ হাজার ৯৯ টাকা বেড়ে বিক্রি হবে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকায়।
আরও পড়ুনঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের নানা কর্মসূচি





