শোকজের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর কড়া বার্তা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে ছড়ানো গুজব ও দলের শোকজ নোটিশের জবাবে স্পষ্ট বার্তা দিয়েছেন—‘ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয়।’
গত ৫ আগস্ট দলের পাঁচজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার সফর নিয়ে গুঞ্জন ছড়ায়, যার পরিপ্রেক্ষিতে তাদের শোকজ করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নাসীরুদ্দীন দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত জবাব পাঠান, যা তিনি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন।
জবাবে তিনি বলেন, “৫ আগস্ট আমার কোনো রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ৪ আগস্ট রাতে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, তিনি স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবেন। তার ফোন চুরি হওয়ায় তিনি সহকর্মীর ফোন থেকে আমাকে জানান এবং আহ্বায়ককে বিষয়টি অবহিত করার কথা বলেন। আমি সেদিনই আহ্বায়কের সঙ্গে দেখা করে এবং সদস্যসচিবের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারি, রাষ্ট্রীয় প্রোগ্রামে তিনজন প্রতিনিধি যাচ্ছেন, আমার কোনো দায়িত্ব নেই।”
তিনি আরও বলেন, “কোনো দায়িত্ব না থাকায় এবং ব্যক্তিগত ও মানসিক প্রস্তুতির জন্য আমি কক্সবাজারে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিই। সঙ্গে ছিলেন সারজিস আলম ও তার স্ত্রী এবং তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি। সাগরের পাড়ে বসে আমি গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টির কাঠামো, গণপরিষদ এবং নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে গভীরভাবে চিন্তা করেছি। এটি আমি অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি দায়িত্বশীল মানসিক চর্চা।”
নাসীরুদ্দীন উল্লেখ করেন, কক্সবাজার পৌঁছানোর পর গুজব ছড়ায় যে তারা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন। তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে এটি অস্বীকার করি। হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে পিটার হাস সেখানে ছিলেন না, তিনি তখন ওয়াশিংটনে ছিলেন। এই গুজব আমাদের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র। আমি আগেও এই হোটেলে থেকেছি, কখনো বিতর্ক হয়নি। দলের বিধিমালায় ঘুরতে যাওয়া নিষিদ্ধ নয়।”
তিনি আরও বলেন, “শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। আমার সফর ছিল স্বচ্ছ ও সাংগঠনিক নীতিমালার বিরোধী নয়। তবু দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক শালীনতার প্রতি সম্মান রেখে আমি এই জবাব দিয়েছি। ইতিহাস কেবল মিটিংয়ে নয়, নির্জন চিন্তার মাধ্যমেও গড়ে ওঠে।”
নাসীরুদ্দীন জোর দিয়ে বলেন, এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দলের ঐক্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তিনি দলীয় নেতৃত্বের প্রতি এই ধরনের গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার এবং সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার আহ্বান জানান।





