রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আগামী রমজান মাসের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
শুক্রবার দুপুর ২টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক দেড় ঘণ্টা স্থায়ী হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। ড. খলিলুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, “বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তারেক রহমান ও ড. ইউনূস দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।”
তারেক রহমান প্রস্তাব দেন, আগামী রমজানের আগে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা হোক, যাতে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠন সম্ভব হয়। বিবৃতিতে আরও বলা হয়, “উভয় নেতা সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের পরিবেশ তৈরিতে সকল পক্ষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।”





