যুক্তরাষ্ট্রে ২ কিশোরীসহ সাতজনের মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
সোমবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে দুই নিখোঁজ তরুণীসহ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একজনের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম কেওটিভির এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জেসি ম্যাকফাডেনের বাড়িতে তল্লাশি করে এই মরদেহগুলো পাওয়া যায়।
ওকমুলজি কাউন্টি শেরিফ ইডি রাইস জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরী আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সী ব্রিটানি ব্রেওয়ারের মরদেহও রয়েছে।
ইডি রাইস আরও জানান, এ ছাড়া অন্যান্য মরদেহগুলোর মধ্যে ম্যাকফাডেন ও তার পরিবারের সদস্যরাও রয়েছে। তবে এখন পর্যন্ত নিহত দুই কিশোরীর ডাক্তারি পরীক্ষার করা হয়নি। এ ঘটনায় নিহতদের পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে রাইস।
এর আগে সোমবার সকালে নিখোঁজ দুই তরুণীর জন্য সতর্কবার্তা জারি করা হয়। কিন্তু তাদের মৃতদেহ পাওয়ার পর সেই সতর্কবার্তা উঠিয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ “দেশের উচ্চতা বাড়াতে বিদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী”





