মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১০
ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে একটি গ্রামে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)।
এনডিআরএফের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় জেলায় বুধবার গভীর রাতে ভূমিধসের পর ২০-৩০টিরও বেশি পরিবার আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আদিবাসী অধ্যুষিত গ্রামটিতে প্রায় ৪৬টি বাড়ি রয়েছে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এই দুর্ঘটনায় মাত্র দু-চারটি বাড়ি রক্ষা পেয়েছে। রায়গড়ের জেলা প্রশাসক যোগেশ মহেশ জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে মধ্যরাতে। যে গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে পৌঁছাতে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে উদ্ধারকারী দলের সদস্যদের।
রায়গড়ের পুলিশ সুপার সোমনাথ ঘার্জে জানান, তারা ভূমিধসের পর পানভেল এবং নাভি মুম্বাইয়ের সব হাসপাতালে সতর্কতা জারি করেছে যাতে আহতদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেয়া সম্ভব হয়।
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মৃতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ আজ বিশ্ব দাবা দিবস





