ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংবর্ধনা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ সদস্যকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
আজ শনিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর এই বীর সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
মিত্রবাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল অনিল কুমার লাম্বার নেতৃত্বে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা পরিবারসহ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন।
বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, প্রায় এককোটি মানুষকে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ভারত সহায়তা না করলে এত অল্প সময়ে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না।
স্বাধীনতার কয়েক মাস পরই ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের দেশে ফিরিয়ে নিয়ে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত।
আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি





