বৈধ অস্ত্র জমা না দিলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অস্ত্র প্রদর্শনী বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা আজ শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আজ দুপুর ২টার মধ্যে সংশ্লিষ্ট থানায় বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা না দিলে তা ‘অবৈধ’ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি প্রজ্ঞাপন জারি করে। সেখানে স্পষ্ট বলা হয়, বৈধ লাইসেন্সধারী সকল নাগরিককে তাদের আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় বা অনুমোদিত ডিলারের কাছে জমা দিতে হবে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন থানায় অস্ত্র জমা দেওয়ার হিড়িক লক্ষ্য করা গেছে। তবে আজ শেষ দিন হওয়ায় পুলিশের পক্ষ থেকে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে অস্ত্র জমা নেওয়ার এই প্রক্রিয়াটি একটি নিয়মিত অংশ হলেও এবার অন্তর্বর্তী সরকারের অধীনে এটি বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিশেষ করে মাঠ পর্যায়ে প্রভাব বিস্তার ও সম্ভাব্য সহিংসতা এড়াতে এই পদক্ষেপ একটি ‘সুরক্ষা কবচ’ হিসেবে কাজ করবে।





