বেগম জিয়াকে দেখতে হাসপাতালে বিএনপির শীর্ষ নেতারা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা।
আজ সোমবার দুপুর ২টায় হাসপাতালের ৫০১৯ নম্বর কেবিনে ভর্তি বিএনপি চেয়ারপারসনকে দেখতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান যান।
রোববার (৩১ মার্চ) বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ১১ সদস্যের মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। চলছে তার শারীরিক নানা পরীক্ষা।
তিনি জানান, শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন বেগম খালেদা জিয়া। অবনতি হয় তার শারীরিক অবস্থার। এ সময় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে সিসিইউতে নেয়া হয়। রাতেই বেগম জিয়ার বেশকিছু পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড তাৎক্ষণিক ওষুধ দেয়। রোববার সকালে আবারও দুই দফায় বেগম জিয়ার শারীরিক পরীক্ষা করে মেডিকেল বোর্ড।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।
আরও পড়ুনঃ “নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না”





