বিএমডব্লিউয়ের আসন্ন বৈদ্যুতিক গাড়ির বিশেষত্ব
গাড়ির জগতে বিএমডব্লিউ একটি প্রতিষ্ঠিত নাম। গ্রাহকদের চাহিদা পূরণে একের পর এক গাড়ি বাজারে এনেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এবার আসছে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি (Electric Car) মিনি কুপার এসই (Mini Cooper SE)। যদিও এর ঘোষণা এসেছিল গত বছর।
এর আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গাড়িটি। ২০২১ সালের ২৯ অক্টোবর বৈদ্যুতিক গাড়িটির বুকিং নেওয়া শুরু করে সংস্থাটি। বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর ৩০টি মডেল বিক্রি হয়ে যায়।
সম্প্রতি এক প্রেস বিবৃতিতে মিনি কুপার এসই ইলেকট্রিক গাড়িটির লঞ্চের বিষয়টি ঘোষণা করেছে বিএমডব্লিউ। তবে দুঃখের বিষয়, হাতে গোনা কয়েকজন গ্রাহকের কারণেই এই লাক্সারি বৈদ্যুতিক গাড়িটি আসছে বলে শোনা যাচ্ছে। এর কারণ এই নয় যে, গাড়ির সংখ্যা কম। আসলে এমন মন্তব্যের পেছনে কারণ হচ্ছে এর উচ্চ মূল্য। এত দাম দিয়ে গাড়িটি কতজন গ্রাহক কিনতে পারবেন সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ টয়োটার এই গাড়িগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি
এর আগে ২০২০ সালেই ৩ দরজা বিশিষ্ট মিনি কুপার এসই নিয়ে হাজির হয়েছিল বিএমডব্লিউ। এর ইন্টারন্যাশনাল মডেলটিতে রয়েছে ৩২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যা একবার সম্পূর্ণ চার্জে ২৭০ কিলোমিটার পথ চলতে পারবে। তবে আকারে ছোট হওয়ার কারণে এর মোটরের ক্ষমতা প্রিমিয়াম সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় কম। মিনির ইলেকট্রিক মোটর থেকে ১৮৪ এইচপি শক্তি এবং ২৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ০-১০০ কিমি/প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সময় লাগে ৭.৩ সেকেন্ড।
হোয়াইট সিলভার, মিডনাইট ব্ল্যাক, মুনওয়াক গ্ৰে এবং ব্রিটিশ রেসিং গ্রিনসহ মোট চারটি রঙের বিকল্পে উপলব্ধ গাড়িটি। ১৭ ইঞ্চির হুইল সহ গাড়িটির কেবিনের ফিচারের তালিকায় রয়েছে ৮.৮ ইঞ্চির মেইন ডিসপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, নাপ্পা লেদার আপহোলস্টেরি ও আরও অন্যান্য।
উল্লেখ্য, ভারতের বাজারে এটি হতে চলেছে অন্যতম লাক্সারি ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি। ১ লাখ টাকার বিনিময়ে মিনি কুপার এসই বুকিং দেওয়ার সুবিধা দিয়েছিল সংস্থাটি। তবে বিদেশ থেকে আমদানিকৃত গাড়িটির দাম ৫০ লাখ টাকার কাছাকাছি হতে পারে। ভারতের বাজারে ৫০ লক্ষ টাকার গাড়ি কতজন স্বচ্ছন্দে কিনবেন সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও, বিএমডব্লিউ কখনওই ‘সস্তার গাড়ি’-র আয়তায় আসে না।





