বাড়িভাড়া ৫% বৃদ্ধির ঘোষণা: শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আশা প্রকাশ করেছেন, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি হয়েছে, তা উল্লেখযোগ্য।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, শিক্ষকদের আরও বেশি সুবিধা দেওয়া প্রয়োজন। কিন্তু বর্তমান বাজেটের সীমাবদ্ধতার কারণে অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টার ফল।’
তিনি বলেন, ‘আমি আশা করি, আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরবেন। অনেক জায়গায় শিক্ষা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।’
ড. আবরার বলেন, ‘যেসব স্থানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, আমরা আশা করি শিক্ষকরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করে ক্লাসে ফিরবেন। আমি তাদের কাছে এই আহ্বান জানাচ্ছি।’
অর্থ মন্ত্রণালয় রোববার (১৯ অক্টোবর) এক আদেশে জানিয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বৃদ্ধি করা হয়েছে। এই আদেশ আগামী নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে শিক্ষকরা এই ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির আদেশ প্রত্যাখ্যান করেছেন এবং আমরণ অনশনসহ তাদের সব ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।





