বাড়তি নিরাপত্তার প্রয়োজনে রাষ্ট্রদূতদের সরকারের কাছে আবেদন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো দেশের রাষ্ট্রদূতকেই আর বাড়তি কোনো নিরাপত্তা দেয়া হবে না। কারও বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে সে বিষয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আজ সোমবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল আয়োজিত ঢাকা-১২ সংসদীয় আসন উন্নয়নের ১৪ বছর বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
কোনো রাষ্ট্রদূত তার গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো রাষ্ট্রদূত গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন বা পারবেন না, এমন কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিভিন্ন প্রশিক্ষণ অনুযায়ী আজকের পুলিশ কোনো ঔপনিবেশিক পুলিশ নয়। কোনো দুর্নীতি করে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ সবার নিয়োগ হয়।
সূত্রঃ বাসস





