ফিল্ম আর্কাইভকে ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণের তাগিদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। এর জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি করা জরুরি বলেও তিনি মনে করেন। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং দেশি-বিদেশি চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রামাণ্যচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি কেন্দ্রিক প্রামাণ্যচিত্র সংগ্রহ ও সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে উদ্যোগী হতে হবে। একই সাথে, মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের সাক্ষাৎকারভিত্তিক প্রামাণ্যচিত্র সংরক্ষণেরও তাগিদ দেন তিনি।
ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গ্রন্থাগার থেকে গত ৫০ বছরের ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি, বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকেও চলচ্চিত্র-সংশ্লিষ্ট প্রমাণক সংগ্রহ করতে হবে।
মাহফুজ আলম আরও বলেন, বর্ষীয়ান ও গুণী চলচ্চিত্র নির্মাতাদের লেখা ও সাক্ষাৎকার সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। তিনি আর্কাইভে সংরক্ষিত সকল ফিল্মের ডিজিটাল ক্যাটালগ প্রস্তুত করার উপরও জোর দেন, যা চলচ্চিত্র গবেষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে। উপদেষ্টা ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।





