“প্রস্তাবিত বাজেট ক্ষতি ছাড়া কিছু করবে না”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব-বোয়ালদের খাবারের আরেক ব্যবস্থা করেছে। প্রতিবছর একই ঘটনা ঘটছে। যারা অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন, এটা (প্রস্তাবিত বাজেট) শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না।
আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলি, মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়, দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। (কালো টাকা সাদা করার সুযোগ) সে রকম একটা ব্যবস্থা। এটা আগেও হয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই শুরু করেছিল, এরপর সব সরকারই করে।’
এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব-বোয়ালদের খাবারের আরেক ব্যবস্থা করেছে। প্রতিবছর একই ঘটনা ঘটছে। যারা অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন, এটা (প্রস্তাবিত বাজেট) শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না।’
তিনি বলেন, ‘যেখান সবচেয়ে বড় সংকট হচ্ছে সাধারণ মানুষের জন্যে মূল্যস্ফীতি। দ্রব্যমূল্য এত বেশি বেড়ে গেছে যে, এটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না। আজ এসব কথা বলে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। মানুষকে কতদিন প্রতারিত করে রাখা হবে?’
সিরাজুল আলম খানের প্রতি খালেদা জিয়া ও তারেক রহমানের শ্রদ্ধা জানানোর কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মাহমুদুর রহমান মান্নার পাশে বসে ছিলাম। জিজ্ঞাসা করলাম সিরাজুল আলমের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কোনো শোকবাণী দেওয়া হয়েছিল কি না? মান্না বললেন, না দেওয়া হয়নি।’
আরও পড়ুনঃ আগামী ১০ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র দেয়া শুরু হবে





