“প্রতিযোগিতা ছাড়া আর কোনো বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হবে না”
ব্যয় কমিয়ে আয় বাড়ানোর চিন্তা করছে জ্বালানি মন্ত্রণালয় এবং প্রতিযোগিতা ছাড়া আর কোনো বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় স্পেক্টা-৩৫ মেগা ওয়ার্ড সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২০১০ সালের আইন বাতিল করা হয়েছে। এতে আর মূল্য নির্ধারণ করা যাবে না। আগে প্রচুর গ্যাস ছিল, এখন তো গ্যাস সংকট হওয়ার কারণে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। তাই এটি বাতিল করা হয়েছে।’
ফাওজুল কবির খান বলেন, ‘উদ্যোক্তাদের বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করা হবে। তবে লোক দেখে বা কাছের লোকদের কিংবা পরিচিত লোকদের উৎসাহিত করা হবে না। দাম যদি সঠিক হয়, জিনিস যদি ভালো হয় তবেই তাকে উৎপাদনে আনা হবে।’
তিনি আরও বলেন, ‘যে সরকার এখন রয়েছে তারা সবার সরকার। এই সরকার মানুষ রক্ত দিয়ে এনেছে। যারা রক্ত দিয়ে দেশটা এনেছে, তাদের কথা চিন্তা করে কাজ করতে হবে।’
ফাওজুল কবির বলেন, ‘আমি আসার সঙ্গে সঙ্গে বরযাত্রীর মত গাড়ি এসেছে, মনে হচ্ছিল আমি বিয়ে করতে এসেছি, আমি বিয়ে করেছি ৪৫ বছর আগে, আমি এরকম চাই না। আমরা জাতি হিসেবে একটি ভালো জায়গায় যেতে চাই।’
এ সময় মানিকগঞ্জে ‘চুলা আছে গ্যাস নাই’ এ বিষয়ে তিনি বলেন তিনি। এর সার্বিক পরিস্থিতি জেনে ব্যবস্থা নিবেন বলেও জানান এ উপদেষ্টা।





