প্রকাশকদের দাবি মেনে নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই যথারীতি ফেব্রুয়ারি মাসে শুরু হবে অমর একুশে বইমেলা ২০২৬। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বইমেলার চূড়ান্ত তারিখও প্রকাশ করা হবে।
এর আগে সেপ্টেম্বরে নির্বাচন ও পবিত্র রমজানের কারণে মেলা ডিসেম্বরে এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত), কিন্তু লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীদের জোরালো দাবির মুখে তা পরিবর্তন করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সমিতির পক্ষ থেকে কয়েকটি সম্ভাব্য তারিখের প্রস্তাব করা হয়, যাতে রাষ্ট্রের নিরাপত্তা, লেখক-পাঠকের সুবিধা এবং মেলার ঐতিহ্যবাহী স্পিরিট অক্ষুণ্ণ রাখা হয়। বাংলা একাডেমি জানায়, ফেব্রুয়ারিতে মেলা আয়োজনই সবচেয়ে বাস্তবসম্মত।
প্রকাশক সমিতির নেতারা বলেন, ভাষা শহীদদের স্মৃতিময় ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের ঐতিহ্য ধরে রাখা উচিত। এর আগে ডিসেম্বরে মেলা নেওয়ার সিদ্ধান্তে প্রকাশকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, কারণ শীতকালীন ছুটি ও বই বিক্রির মৌসুমে এটি প্রভাব ফেলতে পারত। এখন ফেব্রুয়ারিতে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।
সাধারণত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো প্রকাশনী অংশ নেয় এবং লাখো পাঠকের ঢল নামে। এবারও নতুন বই প্রকাশ, সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হবে মেলা। নির্বাচনের তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে সবাই—এটি দেশের সাংস্কৃতিক জগতের জন্য বড় সুখবর!





