দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ৬৮ জন।
এছাড়া চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬১ হাজার ৮৯ জন। এরমধ্যে ঢাকায় ৩৮ হাজার ৫২৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ২২ হাজার ৫৬৩ জন।
চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছন ৬০ হাজার ১৭ জন। এরমধ্যে ঢাকায় ৩৭ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ১৩৩ জন।
আরও পড়ুনঃ “মার্কিন রাষ্ট্রদূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে অনেক ভালো হতো”





