তিব্বতে তুষারধসে নিহত ৮
তিব্বতের নাইংচি শহরে তুষারধসে অন্তত আট জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে মাইলিং কাউন্টির কাছে রাস্তার ওপর তুষারধসে হতাহতের এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে একটি দল পাঠিয়েছে চীন সরকার।
তুষারধসে কোনো কিছু বুঝে ওঠার আগেই বরফের নিচে আটকা পড়েন রাস্তার পাশে থাকা অনেক মানুষ, চাপা পড়ে বহু যানবাহন। খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার ও নিখোঁজদের খোঁজে উদ্ধারকারী একটি দল পাঠায় চীনা কর্তৃপক্ষ। এ সময় বরফের নিচ থেকে বের করে আনা হয় বেশ কয়েকটি মরদের। এখনো অনেকে নিখোঁজ থাকায় অভিযান অব্যাহত রয়েছে। তবে কতজন আটকে পড়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
উদ্ধারকারীরা জানিয়েছেন, বরফের স্তর অনেক পুরু হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। তবে সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা





