টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন; পরিকল্পিত নাশকতা বলছে আইনশৃঙ্খলা বাহিনী
টাঙ্গাইলে রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। আগুনে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর ঘটনাস্থলও পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলছে তারা।
বৃহস্পতিবার সকালে পাকশী রেলওয়ে বিভাগীয় মহাব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় সকালে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত নাশকতা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন লাগিয়ে দেন অবরোধ সমর্থকরা। এ সময় ঢাকা থেকে পঞ্চগরগামী একটি ট্রেন স্টেশনে থাকায় কমিউটার ট্রেনটি দেখা যাচ্ছিল না। ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন স্টেশন ত্যাগ করার পরই আগুনের ধোঁয়া দেখতে পায় স্টেশনে থাকা রেল কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম জানান, বুধবার সকাল ৭টার দিকে ঢাকাগামী ট্রেনটি প্রতিদিনের মতো গত রাতেও টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলো ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনটি। রাত ৩টার দিকে অবরোধকারীরা আগুন ধরিয়ে দেন। এতে ট্রেনের দুটি বগি পুরোপুরি ও একটি বগি আংশিক পুড়ে যায়। এ সময় ট্রেনের সিট ফ্যান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সকালে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুনঃ তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি





