সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সব রকম সহযোগিতা করা হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আশাবাদী বাংলাদেশ নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে। আমাদের সরকারের পক্ষ থেকে সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনকে সব রকম সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেছি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকের নির্বাচন কমিশন স্বাধীন। এটিকে স্বাধীন করেছেন শেখ হাসিনা। স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে তিনি নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার পরই আমরা নির্বাচন কমিশনকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছি।
তিনি বলেন, আমরা একা ক্ষমতায় যেতে চাই না। সবাইকে নিয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। নির্বাচন সংবিধানের বাইরে যাওয়ার উপায় নেই। তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে। সেই নিয়ম মাফিক নির্বাচনের তারিখ দেয়া হয়েছে।
শেখ হাসিনাকে গণতন্ত্রের আপোষহীন নেত্রী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান গণতন্ত্রের নামে স্বৈরশাসন শুরু করেছিল। আমাদের গণতন্ত্র সম্পূর্ণভাবে ছিনতাই হয়ে গিয়েছিল। ২১ বছর আমরা গণতন্ত্রের দেখা পাইনি। আমাদের বার বার ষড়যন্ত্রের স্বীকার হতে হয়েছে। এরপরও আমরা লড়াই করে করে টিকে আছি। বঙ্গবন্ধুকে হত্যার ছয় বছর পর শেখ হাসিনা দেশে এসেছিলেন। এই দেশের গণতন্ত্রের জন্য তিনি সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন। শেখ হাসিনা আপোষহীনভাবে গণতন্ত্রের জন্য কাজ করছেন।
এসময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ শহরে (ঢাকা) অনেকগুলো সমাবেশ হয়েছে। আমাদের শান্তি সমাবেশের কারণে তারা বাধাগ্রস্ত হয়নি। উলটো বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করেছে। একজন পুলিশ সদস্যকে পেটাতে পেটাতে তারা মেরে ফেলেছে। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করেছে। তারা কখনোই এভাবে সরকারের পতন ঘটাতে পারবে না৷ জনগণের ক্ষতি করে কখনো ক্ষমতায় আসা যায় না।
২৮ অক্টোবরই বিএনপির আন্দোলন শেষ, তাদের বারোটা বেজে গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের খুঁটিনাটি, রণকৌশল জানতে হয়। কিভাবে আন্দোলন করতে হয়, সভা-সমাবেশ করতে হয় বিএনপি জানে না। ২৮ অক্টোবরই বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে। সেদিনই তাদের আন্দোলন শেষ।
আরও পড়ুনঃ তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি





