জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও পুনরুজ্জীবিত করব: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে মাসব্যাপী পুনরুত্থান কর্মসূচির মাধ্যমে প্রতিটি দিন পুনরুজ্জীবিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “এই কর্মসূচি শুধু স্মরণের জন্য নয়, বরং স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধে প্রতি বছর শপথ নেওয়ার জন্য।” মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “এক বছর আগে জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক ছিল। এটি ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেওয়ার স্বপ্ন ছিল।” তিনি আরও বলেন, “আমরা অভ্যুত্থানের তাৎক্ষণিক লক্ষ্য পূরণ করেছি, কিন্তু নতুন বাংলাদেশ গঠনের বিরাট স্বপ্ন এখনো বাকি। এই কর্মসূচি সেই স্বপ্ন বাস্তবায়নের শপথ।”
স্বৈরাচারের পুনরুত্থান রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা প্রতি বছর এই সময় উদযাপন করব, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা মাত্রই তাৎক্ষণিকভাবে তা নির্মূল করা যায়। আরেকটি ১৬ বছর অপেক্ষা করতে হবে না।”
অধ্যাপক ইউনূস গভীর শ্রদ্ধার সঙ্গে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মরণ করে বলেন, “তরুণ-তরুণী, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিকশাচালক—যারা গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, তারা আমাদের সাহস ও ত্যাগের প্রতীক।”
জুলাইকে ঐক্যের মাসে পরিনত করার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে সরকার প্রধান বলেন, আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি, তা শুধুই স্মরণ নয় বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে এ দেশের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই, এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক।
তিনি বলেন, ‘আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য— জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না। সেই বিশ্বাস নিয়েই আমি আপনাদের আহ্বান জানাই—আসুন, এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে; ঐক্যের মাসে’।
জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচির সাফল্য কামনা করে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক। আমাদের ঐক্য সর্বমুখী হোক, অটুট হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য।





