জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাতঃরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এই বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকের শুরুতে হাইকমিশনার সুসান রাইল ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার অব্যাহত সমর্থনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এই আলোচনার সময় জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।





