“কোনো দেশের রাষ্ট্রদূতকেই বাড়তি কোনো নিরাপত্তা দেয়া হবে না”
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের রাষ্ট্রদূতদের বাড়তি কোনও নিরাপত্তা দেয়া হবে না
সোমবার রাতে তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের রাষ্ট্রদূতকেই বাড়তি কোনো নিরাপত্তা দেয়া হবে না। কারও প্রয়োজন হলে সে বিষয়ে সরকারের কাছে আবেদন করতে পারবেন। প্রয়োজনে মিশনের পক্ষ থেকে তারা টাকা খরচ করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন।
বাড়তি নিরাপত্তা ব্যবস্থা না দেয়ার ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার এমন কোনো অবনতি হয়নি যে বাড়তি নিরাপত্তা দিতে হবে। কয়েকটি দেশের রাষ্ট্রদূত বাড়তি নিরাপত্তা পেতেন। তবে এখন এ ধরনের সেবা পেতে অন্যরাও আবেদন করছেন। জনগণের টাকা খরচ করে কোনো দেশকে আমরা সার্ভিস দেবো না। উন্নত রাষ্ট্রগুলোতে আমাদের কোনো রাষ্ট্রদূত এ সার্ভিস পান না।
এছাড়া রাষ্ট্রদূতদের গাড়িতে পতাকা ব্যবহারের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
এরআগে, ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এখন থেকে ঢাকায় বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না। রোববার সরকারি এক সিদ্ধান্তে এমনটাই বলা হয়েছে।
সূত্রঃ বাসস





