কানাডার ম্যানিটোবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ১৫
কানাডার মধ্যাঞ্চলে একটি ছোট বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।
ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডার সহকারী কমিশনার রব হিল বলেছেন, আমরা এই সংঘর্ষের ফলে অন্তত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। দুর্ঘটনাটি ম্যানিটোবা ও কানাডার জন্য বেদনার দিন।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হাইওয়ের পাশে খাদে একটি জ্বলন্ত গাড়ি দেখতে পান। ওই দৃশ্যকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, এত বড় দুর্ঘটনা আমি কখনো দেখিনি।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ বিশ্বব্যাপী সব শিশু যাতে মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধের টিকা পায়: প্রধানমন্ত্রী





