ওসমান হাদি হত্যা: জাতিসংঘ মহাসচিবের দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর নিন্দা জানিয়ে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি হাদির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।
ডুজারিক আরও বলেন, বাংলাদেশে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়, সেজন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ ঢাকায় পৌঁছেছে। আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার পর তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।





