এক কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও গাজীপুরের গাছা এলাকায় অভিযান ১ কোটি টাকার জালনোট সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ বিষয়ে ডিবি লালবাগ বিভাগের উপকমিশনার মো. রাজীব আল মাসুদ বলেন, জালিয়াত কারবারিরা দুর্গাপূজাসহ বিভিন্ন মৌসুম সামনে রেখে জাল নোট তৈরিতে সক্রিয় হয়। চক্রের হোতা মজিবরকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও কিছুদিনের মাথায় তিনি জামিনে বেরিয়ে যান।
আরও পড়ুনঃ জেলা পরিষদ নির্বাচন: ১৯টি জেলায় আ.লীগ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জালিয়াত চক্রের মূল হোতা মজিবর রহমান, তাঁর সহযোগী শাকিল রহমান ওরফে আবদুর রহমান ও রাসেল উদ্দীন ওরফে রাসেল সরদার। তাঁদের কাছ থেকে এক কোটি পাঁচ হাজার টাকার জাল নোট, জাল নোট তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, কালার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গতকাল দুপুরে ডিবি লালবাগ বিভাগের একটি দল তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন জাল নোট কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছয় লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে আরও ৯৪ লাখ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।





