এইচএসসি পরীক্ষায় কঠোর নির্দেশনা: প্রশ্নপত্র নিরাপত্তায় জোর
আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক স্মারকে কেন্দ্র সচিবদের প্রশ্নপত্রের নিরাপত্তা, সময়মতো সরবরাহ ও সঠিক সেট নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজি প্রেস থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিক কিনা, তা কেন্দ্র সচিবদের যাচাই করতে হবে। কোনো সেটের ঘাটতি বা অতিরিক্ত থাকলে ১৯ জুনের মধ্যে ই-মেইলের মাধ্যমে বোর্ডকে অবহিত করতে হবে। এই নির্দেশনাকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, পরীক্ষা নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরিচালনার জন্য ৩৩ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর তদারকি এবং পরীক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল প্রবেশ-প্রস্থান ব্যবস্থা।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়নে সব কেন্দ্রে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।





