উত্তরায় বিমান বিধ্বস্তে প্রধান উপদেষ্টার গভীর শোক: আহতদের জন্য দ্রুত সহায়তার নির্দেশ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক শোকবার্তায় তিনি এই দুর্ঘটনাকে জাতির জন্য একটি বেদনাদায়ক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের এই মর্মান্তিক ঘটনায় হতাহতের খবর আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। এতে বিমানবাহিনী, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।” তিনি আরও বলেন, “এটি জাতির জন্য একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিচ্ছি।”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।





