ইরান আত্মসমর্পণ করবে না: ট্রাম্পের হুমকির জবাবে খামেনির কঠোর বার্তা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরানের মতো একটি মহান জাতির জন্য ‘আত্মসমর্পণ’ শব্দটি অপমানজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ করার আহ্বানকে তিনি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার ইরান-ইসরাইল সংঘাত এবং যুদ্ধবিরতির পর টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
খামেনি বলেন, “ইরানি জনগণ তাদের ঐক্য ও দৃঢ়তা প্রদর্শন করেছে। আমাদের জাতি এককণ্ঠে বলছে, আমরা কারও কাছে মাথা নত করব না। ট্রাম্পের এমন বক্তব্য তার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” তিনি আরও বলেন, মার্কিন হুমকি কখনোই ইরানের পারমাণবিক কর্মসূচি বা সমৃদ্ধকরণ নিয়ে ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল ইরানকে ‘আত্মসমর্পণে’ বাধ্য করা।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র একেক সময় একেক অজুহাত তুলে ধরে—কখনো মানবাধিকার, কখনো নারী অধিকার, কখনো পারমাণবিক ইস্যু, আবার কখনো ক্ষেপণাস্ত্র। কিন্তু তাদের আসল লক্ষ্য সবসময় একটাই—ইরানের আত্মসমর্পণ।” তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই এমন চাপের কাছে নতি স্বীকার করবে না।





