আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাকিব আল হাসান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব। এছাড়া মাগুরা ১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে তার নামে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। যদিও সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যাবে।
এর আগে এদিন সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম কেনেন তিনি।
সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।
আরও পড়ুনঃ গোপালগঞ্জ-৩ আসনের ফরম কিনে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা





