অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রার্থী নন, প্রচারেও অংশ নিতে পারবেন না: নির্বাচন কমিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-সহ কমিশনারদের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের অন্য কোনো লাভজনক পদে থাকা কোনো ব্যক্তি এই নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি তারা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারেও অংশ নিতে পারবেন না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সরকারের পদে থেকে নির্বাচনি প্রচারে অংশ নেওয়া যাবে না। প্রচার করা না গেলে তো প্রার্থীও হতে পারবেন না। কাজেই সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না।” এটি একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম আরও জানান, নির্বাচনের জন্য কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এখন তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় কাজগুলো শেষ হচ্ছে।
তিনি বলেন, “আসনবিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে প্রায় ২০টির মতো পরিপত্র জারি হবে।”
এছাড়া মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন এবং আইনশৃঙ্খলার জন্য বিশেষ সেল গঠনের মতো প্রশাসনিক প্রস্তুতিগুলোও প্রস্তুত রাখা হয়েছে। তফসিল ঘোষণার পরপরই ধারাবাহিকভাবে এগুলো জারি করা হবে।
এদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রাহমানল মাছউদ তফসিল ঘোষণার সময় নিয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে তফসিলের সবকিছু চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, “আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।”
নির্বাচন কমিশনার মাছউদ আরও বলেন, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। আনুষ্ঠানিকভাবে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দায়িত্ব আসবে তফসিল ঘোষণার পর। তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলসহ সবার প্রতি তিনি বিশেষভাবে সহযোগিতা কামনা করেন।





