নারায়ণগঞ্জে ৮২ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮২ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এছাড়া ৩৮টি মামলার মাধ্যমে অবৈধ সংযোগ ব্যবহারকারী বাড়ির মালিকদের নগদ ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া ও বউবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুনঃ দুইটি পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিল সরকার
এ বিষয়ে তিতাসের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-১ টিকাটুলী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনিরুল ইসলাম জানান, বিচ্ছিন্ন করা এই ৮২ সংযোগের মাধ্যমে অবৈধভাবে দুই শতাধিক চুলায় গ্যাস ব্যবহার করা হতো। এ সময় এলাকাবাসীকে অবৈধভাবে গ্যাস ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিতাসের এই কর্মকর্তা বলেন, পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পাশাপাশি অবৈধ সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা।





