দেশে সোনার দাম ফের কমলো
মাত্র চার দিনের ব্যবধানে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ৯৩৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। এর আগে সমপরিমান সোনার দাম ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে।
আরও পড়ুনঃ দেশের ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে সোনার দাম
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ৭০০ টাকা, এখন বিক্রি হবে ৬৭ হাজার ৪১৮ টাকায়। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৫৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৮৭১ টাকা।
তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।





