কারাগারে জীবনের নিরাপত্তা চান বাবুল আক্তার
স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার জীবনের নিরাপত্তা চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন।
আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুননেছা বেগমের আদালতে বাবুল আক্তারের পক্ষে এই আবেদন করেন তার আইনজীবী।
এ বিষয়ে বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, “বাবুল আক্তার বৃহস্পতিবার স্বীকারোক্তি আদায়ে হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলে পিবিআই প্রধানসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। সেই মামলার আসামিদের নির্দেশে ও প্ররোচনায় গত ১০ সেপ্টেম্বর দুপুরে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন ফেনী কারাগারে প্রবেশ করে বাবুল আক্তারের কক্ষে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান। সোমবারের আবেদনে সেই অভিযোগ করা হয়েছে।”
বাবুলের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, “কারাগারে ফেনী মডেল থানার ওসির প্রবেশের চিত্র সিসি টিভি ক্যামরার ফুটেজ যাচাই করলে নিশ্চিত হওয়া যাবে।”
সোমবার বাবুলের করা আবেদনে বলা হয় “জেল কোড অনুসরণ না করেই, বন্দির কক্ষ তল্লাশির নামে জীবনের ক্ষতি সাধনের চেষ্টায় এ যাত্রায় সফল না হলেও আসামিরা যে কোনো সময় বাদী ও তার পরিবারের জীবননাশসহ যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। আইন-আদালতের তোয়াক্কা না করে আসামিদের নির্দেশে বাবুল আক্তারের জীবনের ক্ষতি সাধন ও মানসিকভাবে দুর্বল করার জন্য (ওসি) এভাবে কারাগারে প্রবেশ করেন।”
ওই ঘটনার ‘তদন্ত এবং বাবুল আক্তারের জীবনের নিরাপত্তা নিশ্চিত’ করার জন্য ফেনী কারাগারের সুপারকে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে আবেদনে।
নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ এর ১১ ধারায় বাবুল আক্তারের জীবনের ‘ক্ষতি করা ও ভয় দেখানোর’ অভিযোগ আনা হয়েছে সেখানে।
আরও পড়ুনঃ এডিস মশা নির্মূল অভিযান শুরু করেছে ডিএনসিসি
এদিকে ‘স্বীকারোক্তি আদায়ে’ হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলে পিবিআই প্রধানসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদালতে মামলার আবেদন করেন স্ত্রী হত্যার ঘটনায় বাদী থেকে আসামি হওয়া সাবেক এসপি বাবুল আক্তার।
ওই অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না, আগামী ১৯ সেপ্টেম্বর সে বিষয়ে শুনানির দিন রেখেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. জেবুননেছা বেগম। সেদিন বাবুলের নতুন আবেদনের ওপরও শুনানি হবে।
ওই মামলার আবেদনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বর্তমান প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআইর চট্টগ্রাম জেলার এসপি নাজমুল হাসান, চট্টগ্রাম মহানগরের এসপি নাঈমা সুলতানা, পিবিআইর তৎকালীন পরিদর্শক সন্তোষ কুমার চাকমা, পিবিআই চট্টগ্রাম জেলার সাবেক পরিদর্শক এ কে এম মহিউদ্দিন সেলিম ও পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবিরকে বিবাদী করা হয়েছে।






প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮ - tathyasangjog
September 12, 2022[…] […]
মিতু হত্যা: বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র - tathyasangjog
September 12, 2022[…] […]