তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের নতুন যাত্রা: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে। তাঁর নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা করছি।’
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
দীর্ঘ ১৯ বছর পর শুক্রবার বাদ জুমা তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর তিনি সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। সমাধি প্রাঙ্গণে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীর ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সাদা পোশাকেও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেন।
নেতাকর্মীরা জানান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাস্তবায়ন করেছেন বেগম খালেদা জিয়া। এখন তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র প্রস্ফুটিত হবে। তাঁর আগমনে নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের সব ধোঁয়াশা কেটে গেছে বলে দাবি করেন তারা।
বৃহস্পতিবার সকালে তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে পূর্বাচলে লাখো নেতাকর্মীর সংবর্ধনায় অংশ নেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং গুলশানের বাসভবনে যান। শুক্রবার দোয়া মাহফিলের মাধ্যমে খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে দলের জন্য নতুন উদ্দীপনা হিসেবে দেখছেন নেতাকর্মীরা। আসন্ন নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি শক্তিশালী অবস্থানে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।





