ওসমান হাদি হত্যা: শুটার ফয়সালের দেশত্যাগ নিয়ে নিশ্চিত তথ্য নেই, ১০ জন গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ দেশের বাইরে পলাতক কি না—এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।’
হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না—এ প্রশ্নে খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। তবে সঠিক তথ্য পেতে চেষ্টা করছি।’
ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ফয়সাল করিম মাসুদের সুনির্দিষ্ট তথ্য নেই। আপনারা (সাংবাদিক) যেমন শুনতেছেন, আমরাও বিভিন্ন তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে সবগুলো তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’
হত্যার মোটিভ প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হচ্ছে ব্যক্তিগত কোনো শত্রুতা নয়, রাজনৈতিকভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ফয়সাল ও আলমগীরকে এখনো গ্রেফতার করতে পারিনি, ফলে সেভাবে এখনো জানা যায়নি।’
ডিবিপ্রধান আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হাদিকে গুলির পর প্রত্যেক ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামি গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, অস্ত্র, গুলি ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। ২০ ডিসেম্বর তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।
হত্যাকাণ্ডের তদন্তে ডিবি পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছে। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদকে গ্রেফতারে বিশেষ টিম গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।





