জাতীয় ফিচার

ওসমান হাদি হত্যা মামলায় দুই আসামির আরও ৫ দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি সিভিয়ন ডিউ (৩২) ও সঞ্জয় চিসিমের (২২) আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২১ ডিসেম্বর) তিন দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, এজাহারনামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ (৩৭) ও তার অজ্ঞাত সহযোগীকে অবৈধ পথে ভারতে পলায়নে এ দুই আসামি প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। সাক্ষ্য-প্রমাণ ও প্রযুক্তিগত তথ্যে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আসামি সিভিয়ন ডিউ ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য জুয়েল আড়েংয়ের ভাগ্নে।

গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লেগে মারাত্মক আঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে ২০ ডিসেম্বর মামলায় হত্যার ধারা (৩০২) সংযোজন করা হয়।

হাদির মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁর মরদেহ ১৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছায় এবং ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়। ডিবি পুলিশ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদকে ধরতে অভিযান চালাচ্ছে। এ মামলায় এ পর্যন্ত দুজন গ্রেফতার হয়েছেন। তদন্তে নতুন তথ্য উঠে আসছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র