ভয় দেখিয়ে শাসন করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল
একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডকে স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত নীলনকশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে খুব ভারাক্রান্ত। কারণ, বিজয়ের ঠিক দুদিন আগে (১৪ ডিসেম্বর) অত্যন্ত পরিকল্পিতভাবে নীলনকশার মাধ্যমে একটি জাতিকে সম্পূর্ণ মেধাশূন্য করে দেওয়ার চক্রান্ত ছিল সেটা।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মির্জা ফখরুল বলেন, আমাদের দুর্ভাগ্য যে, যারা সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে হানাদারদের প্রতিনিধি হয়ে বাড়ি বাড়ি গিয়ে অথবা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারগুলো থেকে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে গিয়েছিল, তারা কিন্তু বাঙালির সন্তান। আমরা খুব ভালো করে জানি, তারা কারা ছিল। ইতিহাস প্রমাণ করে, তখনকার সেই রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল—তারাই সেদিন আমাদের সেই সূর্য সন্তানদের তুলে নিয়ে গিয়েছিল। এ বিষয়টিকে হালকা করে দেখার কোনো কারণ নেই।
বিএনপি মহাসচিব আরও বলেন, এই চক্রান্ত-ষড়যন্ত্র বারবার হয়েছে, এদেশের মানুষের ওপর বারবার আঘাত এসেছে। বাঙালি যেন মেধার শক্তিতে জেগে উঠতে না পারে, জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা-দীক্ষায় যেন জাতি হিসেবে সামনে এগোতে না পারে, সেই চেষ্টাই তখন করা হয়েছিল। জাতির বিরুদ্ধে সবসময় এই চক্রান্ত-ষড়যন্ত্র আমরা দেখছি। দুর্ভাগ্যক্রমে বিগত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে আমাদের শিক্ষাব্যবস্থা দুর্বল হয়েছে, আমাদের স্বাস্থ্যব্যবস্থা দুর্বল হয়েছে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে পর্যুদস্ত করা হয়েছে।
নির্বাচন বাধাগ্রস্ত করতে ‘ওরা ভয় পাইয়ে দিতে চায়’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণার পরপরই হাদিকে (ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদি) হত্যার চেষ্টা করা হলো। আওয়ামী লীগ গত ১৫ বছর ভয় দেখিয়ে শাসন করার চেষ্টা করেছে, ত্রাস সৃষ্টি করেছে। আবার সেই ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের স্তব্ধ করে দিতে চায়। তবে ইতিহাস বলে বিএনপি কখনো ভয়ে দমে যায় না। আমরা দমে যাবো না। আমরা সত্যিকার অর্থেই একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করবো। চতুর্দিকে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে। তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি। বিএনপি জয়লাভ করবেই ইনশাল্লাহ, সেই বিশ্বাস আমাদের আছে।





