তফসিলে বিএনপি মোটামুটি সন্তুষ্ট ও আশ্বস্ত: মির্জা ফখরুল
প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিলে বিএনপি ‘মোটামুটি সন্তুষ্ট ও আশ্বস্ত’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে—নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন চায়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ও গুরুত্বপূর্ণ দিন।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছর ধরে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে আজ নতুন করে বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ খুলেছে। ইনশাআল্লাহ এবার জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সত্যিকারের সংসদ গঠন হবে।”
তিনি জানান, গত নয় মাসে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে; যেগুলোতে হয়নি, সেগুলো গণভোটে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
জোট ও প্রার্থী তালিকা প্রসঙ্গে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “কোনো সমস্যা নেই। আমরা এখনো চূড়ান্ত তালিকা দিইনি, প্রাথমিক তালিকা দিয়েছি মাত্র। আন্দোলনে যারা ছিলেন, তারা যথাযথ মূল্যায়ন পাবেন। আলোচনা চলছে, সবাই ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে।”
গণভোটে বিএনপির অবস্থান গণভোটে চারটি প্রশ্ন একসঙ্গে থাকায় জটিলতার শঙ্কার বিষয়ে তিনি বলেন, “কিছুটা সমস্যা হবেই, তবে সবাই মিলে কাজ করলে উত্তরণ সম্ভব।” দল কোন প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ বলবে—এ প্রশ্নে তিনি বলেন, “এটা দলের সম্মিলিত সিদ্ধান্ত হবে। সময় হলে জানানো হবে।”
সবশেষে মির্জা ফখরুল বলেন, “আজ অত্যন্ত আনন্দের দিন। আমি বরাবর বলে আসছি—নির্বাচন হবেই। সেটাই হচ্ছে। এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য—এটাই আমাদের প্রত্যাশা।”





