জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে রাখার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একই সঙ্গে ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ১৯ দিনেরও বেশি সময় দেশে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। এই সময় হাসপাতাল, অ্যাম্বুলেন্স সার্ভিস, জরুরি যোগাযোগ, ব্যাংকিং লেনদেনসহ জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়। প্রসিকিউশনের দাবি, এই বন্ধের নির্দেশনা ও বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। এই কাজকে তারা ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল এই দুই আসামির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। আজ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার মধ্য দিয়ে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল।
উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার জন্য ইতোমধ্যে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





