তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সিন্দির্গিতেই ছিল উৎপত্তিস্থল
সোমবার (২৭ অক্টোবর) রাতে ৬.১ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের পশ্চিমাঞ্চল। স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ (AFAD) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র বা উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার গভীরে এর অবস্থান ছিল।
ভূমিকম্পের শক্তিশালী কম্পন ইস্তাম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমিরসহ বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়েছে। আফাদের তথ্য অনুযায়ী, সিন্দির্গিতে কিছু ভবন ধ্বংস এবং ক্ষতিগ্রস্থ হলেও, এখন পর্যন্ত আহত বা নিহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত আগস্ট মাসেও একই অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যার এপিসেন্টার ছিল সিন্দির্গি। এরপর থেকেই বালিকেসির প্রদেশে নিয়মিতভাবে ছোট আকারের কম্পন হচ্ছিল।





