নারী ক্রিকেটারদের জন্য সমান সুযোগ: বিসিবির ঐতিহাসিক সিদ্ধান্ত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পূর্বে অভিযোগ করেছিলেন যে, সুযোগ-সুবিধার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। তিনি বলেছিলেন, পুরুষ ক্রিকেটারদের তুলনায় নারী ক্রিকেটাররা সমান সুবিধা পান না। তবে এখন থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারী ক্রিকেটাররা পুরুষদের সমান সুযোগ-সুবিধা পাবেন।
বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এখন থেকে দৈনিক ভাতা এবং ট্যুর ফি নারী ও পুরুষ ক্রিকেটাররা সমানভাবে পাবেন। এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষদের সমান আর্থিক সুবিধা পাবেন।
বর্তমানে পুরুষ ক্রিকেটাররা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫+৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। কিন্তু নারী ক্রিকেটাররা এতদিন মোট ৭৫ ডলার পেতেন।
বিসিবির নারী বিভাগ জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম সাম্প্রতিক বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপ নারী ক্রিকেটকে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন, বিসিবির এই উদ্যোগ কেবল নারী ক্রিকেটারদের ন্যায্য দাবি পূরণই নয়, বরং বাংলাদেশের নারী ক্রিকেটকে আরও উৎসাহিত ও শক্তিশালী করবে।
এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (১৫ অক্টোবর) লিখেছেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দল বিগত বছরগুলোতে একাধিক সাফল্য অর্জন করলেও, সুযোগ-সুবিধার ক্ষেত্রে বঞ্চিত ছিল। এখন ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হচ্ছে।’





