জাতীয় ফিচার

প্রকৌশলীদের দাবি পূরণে সরকারি পদক্ষেপ: গৃহায়ন সচিবের নেতৃত্বে ওয়ার্কিং গ্রুপ গঠন

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ের ১ নম্বর নতুন ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু, এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, “আজকের সভায় কমিটি কীভাবে কাজ করবে, তা ঠিক করা হয়েছে। প্রকৌশলীদের দাবিগুলো দীর্ঘদিনের সমস্যা। এগুলো সমাধানে সকল অংশীজনের সঙ্গে পরামর্শ প্রয়োজন। তাই আমরা ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছি। এতে প্রকৌশলী নিয়োগকারী সংস্থাগুলোর প্রধান এবং ডিপ্লোমা প্রকৌশলীদের চারজন প্রতিনিধি থাকবেন। জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এতে অন্তর্ভুক্ত থাকবেন।”

তিনি আরও বলেন, “ওয়ার্কিং গ্রুপ প্রথমে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের বক্তব্য শুনবে। পরবর্তী কার্যদিবসে তাদের মতামত গ্রহণ করা হবে। যারা এ বিষয়ে অভিজ্ঞ ও ওয়াকিবহাল, তাদের কথা শোনা হবে। আইনগত বিষয়গুলো পর্যালোচনার জন্য প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষা করে আমাদের ব্রিফ করা হবে, এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

গত দুই দিন ধরে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে। বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালিত হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এই সমস্যাগুলো দীর্ঘদিনের। আন্দোলনকারীদের প্রতি আমাদের অনুরোধ, তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। তাদের দাবিগুলো লিখিতভাবে ওয়ার্কিং গ্রুপের প্রধান, গৃহায়ন ও গণপূর্ত সচিবের কাছে জমা দিতে পারেন। আমরা তাদের ফোন নম্বর প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব। আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আমাদের বা ওয়ার্কিং গ্রুপের সঙ্গে যেকোনো সময় বসতে পারে। তবে এত দিনের সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়।”

ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “গ্রুপটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। প্রথম সভা সম্ভবত আগামী রোববার অনুষ্ঠিত হবে। আন্দোলনকারীরা যেকোনো সময় আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। আমাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সমস্যাগুলো বিশ্লেষণ করে সুপারিশ পেশ করব।”

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “আমরা আন্দোলনকারীদের, তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করব। এছাড়া, পিডব্লিউডি, এলজিইডি, পিডিবির মতো প্রকৌশলী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও বৈঠক করা হবে। আমরা সমস্যার মূল কারণ বুঝতে চাই।”

তিনি আরও বলেন, “আন্দোলনকারীদের দাবিগুলো শুনতে হবে, বুঝতে হবে। আমরা কোনো পক্ষপাতিত্ব ছাড়া ন্যায্য সমাধানের চেষ্টা করব।”

বিশ্ববিদ্যালয় শাটডাউনের বিষয়ে তিনি বলেন, “আন্দোলনকারীরা এখন থেকে ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলোচনা করতে পারেন। তিন দফা বা সাত দফা দাবি রয়েছে, তবে সেগুলো আমাদের প্রথমে শুনতে হবে। সবকিছু জানার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে বলেন, “আন্দোলন হয়েছে, সরকার এটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এখন আর আন্দোলনের প্রয়োজন নেই। আমরা সমাধানের দিকে এগোচ্ছি।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র