ট্রাম্পের ডেটের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এমা টমসন
অস্কারজয়ী অভিনেত্রী এমা টমসন মজার ছলে বলেছেন, একসময় ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘পিছু নিয়েছিলেন’। তাঁর বিবাহবিচ্ছেদের কাগজপত্র চূড়ান্ত হওয়ার দিনই ট্রাম্প ফোন করে তাঁকে ডেটে যাওয়ার আমন্ত্রণ জানান। ৬৬ বছর বয়সী এই ব্রিটিশ তারকা হাসতে হাসতে বলেন, তিনি যদি সেই প্রস্তাবে রাজি হতেন, তাহলে হয়তো ‘আমেরিকার ইতিহাসই পাল্টে যেত’!
৮ আগস্ট সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে অভিনয় জীবনের জন্য ‘লিওপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ গ্রহণের সময় এমা এই মজার ঘটনা শেয়ার করেন। তিনি জানান, ১৯৯৮ সালে ‘প্রাইমারি কালারস’ ছবির শুটিং চলাকালীন তিনি হঠাৎ ট্রাম্পের ফোন পান।
এমা বলেন, তিনি তখন তাঁর ট্রেলারে ছিলেন। হঠাৎ ফোন বেজে ওঠে। ধরতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসে, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প।’ এমা ভেবেছিলেন, কেউ হয়তো তাঁর সঙ্গে ঠাট্টা করছে। তিনি বলেন, ‘আমি বললাম, “আপনাকে কীভাবে সাহায্য করব?” ভেবেছিলাম, হয়তো কেউ পথ ভুলে ফোন করেছে।’ কিন্তু ট্রাম্প তাঁকে বলেন, ‘আমি চাই, আপনি আমার কোনো সুন্দর জায়গায় এসে থাকুন। আমরা একসঙ্গে রাতের খাবার খেতে পারি।’
এমা হেসে উত্তর দেন, ‘বাহ, এটা তো দারুণ প্রস্তাব! ধন্যবাদ, আমি পরে জানাচ্ছি।’ তিনি মজা করে বলেন, পরে বুঝতে পারেন, সেদিনই তাঁর বিবাহবিচ্ছেদের কাগজপত্র এসেছিল। তিনি মনে করেন, ট্রাম্পের হয়তো লোকজন ছিল, যারা সদ্য তালাকপ্রাপ্ত নারীদের খুঁজে তাঁর জন্য সঙ্গী ঠিক করত। আর তাঁর ফোন নম্বর তিনি পেয়েছিলেন এমার ট্রেলার থেকে। এমা হাসতে হাসতে বলেন, ‘এ তো পিছু নেওয়ার মতোই ব্যাপার!’
মজার ছলে তিনি বলেন, যদি তিনি ট্রাম্পের সঙ্গে ডেটে যেতেন, তাহলে হয়তো বলার মতো একটা গল্প থাকত। তিনি হেসে বলেন, ‘কল্পনা করুন, আমি যদি সত্যিই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাইরে যেতাম, তাহলে হয়তো আমেরিকার ইতিহাসই বদলে যেত!’
এমার প্রথম স্বামী ছিলেন অভিনেতা কেনেথ ব্রানাঘ। ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। এরপর ২০০৩ সালে তিনি গ্রেগ ওয়াইজকে বিয়ে করেন। ঠিক সেই সময়ে ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের সঙ্গে বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে তিনি মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন।
এমা টমসনই একমাত্র নন। হলিউডের আরেক অভিনেত্রী সালমা হায়েকও ট্রাম্পের কাছ থেকে ডেটের প্রস্তাব পেয়েছিলেন। সালমা জানান, একটি অনুষ্ঠানে ট্রাম্প তাঁর কাঁধে নিজের কোট জড়িয়ে দেন, যখন তাঁর প্রেমিক পাশেই ছিলেন। পরে ট্রাম্প তাঁর ফোন নম্বর সংগ্রহ করে ডেটের প্রস্তাব দেন। সালমা বলেন, ‘আমি বললাম, আমার তো প্রেমিক আছে! তুমি কি পাগল?’ ট্রাম্প উত্তর দেন, ‘ওই প্রেমিক তোমার জন্য যথেষ্ট নয়। আমার সঙ্গে চলো।’ বর্তমানে সালমার স্বামী ফরাসি বিলিয়নিয়ার ফ্রাঁসোয়া-অঁরি পিনো।





