৩৫ লাখ টাকার ফ্ল্যাট ভাড়া: বিয়ের গুঞ্জন নয়, কারণ সংস্কার কাজ
বলিউড তারকা আমির খান মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে মাসিক ২৪.৫ লাখ রুপি (প্রায় ৩৫ লাখ টাকা) ভাড়ায় চারটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। নার্গিস দত্ত রোডের উইলনোমনা অ্যাপার্টমেন্টে অবস্থিত এই ফ্ল্যাটগুলো নিয়ে চর্চা শুরু হয়েছে।
অনেকে মনে করছেন, তিনি প্রেমিকা গৌরীর সঙ্গে বিয়ের প্রস্তুতি হিসেবে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। তবে আসল কারণ ভিন্ন।
জানা গেছে, আমির খানের বর্তমান বাসস্থান ভার্গো কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে পুনর্নির্মাণ কাজ চলছে। এই সোসাইটিতে তার প্রায় ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। ওয়াধওয়া গ্রুপ, এমআইসিএল ও চন্দক গ্রুপের যৌথ উদ্যোগে অ্যাটমোস্ফিয়ার রিয়েলটি এই প্রকল্পে বিলাসবহুল সি-ফেসিং অ্যাপার্টমেন্ট তৈরি করছে, যার দাম প্রতি বর্গফুট এক লাখ রুপি ছাড়াতে পারে।
এই সংস্কার কাজের জন্য আমির ২০২৫ সালের মে থেকে ২০৩০ সালের মে পর্যন্ত পাঁচ বছরের জন্য ফ্ল্যাটগুলো ভাড়া নিয়েছেন।
আমিরের নতুন ভাড়া ফ্ল্যাটের কাছাকাছি শাহরুখ খানও মান্নাতের সংস্কার কাজের জন্য অস্থায়ীভাবে ভাড়া বাসায় উঠেছেন। পালি হিল, মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল এলাকা হিসেবে পরিচিত, যেখানে অনেক বলিউড সেলিব্রিটি ও বিত্তশালী ব্যক্তিরা বসবাস করেন।





