ইলিশের দামে হাঁপিয়ে উঠছেন ক্রেতা-বিক্রেতা!
ইলিশের ভরা মৌসুমে রাজধানীর বাজারগুলোতে ছোট-বড় সব ধরনের ইলিশ মিললেও আকাশছোঁয়া দামে ক্রেতারা হতাশ। এমনকি বিক্রেতারাও দামের কারণে ইলিশ খাওয়ার সাহস পাচ্ছেন না।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, এক কেজি ইলিশের দামে সাড়ে ৩ কেজি গরুর মাংস কেনা সম্ভব।
বাজারে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩,২০০ থেকে ৩,৫০০ টাকায়, এক কেজির ইলিশ ২,৬০০ থেকে ২,৯০০ টাকা, ৪০০-৫০০ গ্রামের ইলিশ ২,০০০ থেকে ২,২০০ টাকা এবং ছোট ইলিশ ১,৪০০ থেকে ১,৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কিছু ব্যবসায়ী সাগরের বড় ইলিশ কিছুটা কম দামে বিক্রি করছেন।
অন্যদিকে, গরুর মাংসের দাম বাজারভেদে ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজি, যা ইলিশের তুলনায় অনেক সাশ্রয়ী।
খিলগাঁওয়ের বিক্রেতা জালাল হোসেন বলেন, “ইলিশের দাম দেখে আমরাও অবাক। আমরা যে দামে কিনি, তাতেই বিক্রি করি। দাম বেশি হওয়ায় ক্রেতা কম, আমিও বাড়িতে ইলিশ খাই না। দাম কমলে খাবো।”
রামপুরার বেসরকারি চাকরিজীবী মনিরুল ইসলাম বলেন, “এক কেজি ইলিশের দাম ২,৮০০ টাকা। এই টাকায় প্রায় ৪ কেজি গরুর মাংস কেনা যায়। ইলিশ এখন শুধু ধনীদের জন্য।”
রিকশাচালক সবুর মিয়া হতাশা প্রকাশ করে বলেন, “ইলিশ খেতে গেলে জমি বর্গা দিতে হবে। দাম শুনে ক্রেতারা চলে যাচ্ছেন।”
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, সরবরাহ কম, চাঁদাবাজি ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে ইলিশের দাম বেশি। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।





