‘জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে’
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদের খসড়া পর্যবেক্ষণের জন্য সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. রীয়াজ বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি, যদি তাদের কোনো সুপারিশ, পরামর্শ বা পরিবর্তনের প্রস্তাব থাকে, তা যেন ৩০ জুলাই দুপুর ১২টার মধ্যে আমাদের জানানো হয়।” তিনি আরও বলেন, “আলোচনা চলমান রয়েছে। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হবে, সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে।”
বৈঠকের শুরুতে তিনি জানান, জুলাই সনদের মাধ্যমে কমিশন বাংলাদেশের ভবিষ্যৎ পথচলার জন্য একটি ঐতিহাসিক দলিল তৈরির লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, “বারবার আলোচনার মাধ্যমে আমরা পরিবর্তন ও সংস্কার করছি, যাতে সবাই একটি নির্দিষ্ট বিষয়ে একমত হতে পারে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে, যদিও দুটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। তবুও, সবাই ছাড় দিচ্ছেন বলেই এই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হয়েছে।”
ড. রীয়াজ জোর দিয়ে বলেন, রাষ্ট্রের মৌলিক কাঠামোর সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিষ্পত্তি করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “উদাহরণস্বরূপ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম রয়েছে। এই বিষয়ে একটি সুস্পষ্ট কাঠামো জাতির সামনে উপস্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আর যেতে না হয়। এজন্যই বারবার আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত প্রতিফলিত করে খসড়াটি পরিবর্তন, পরিমার্জন ও প্রয়োজনে সংশোধন করা হচ্ছে।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে চলমান আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট ঐকমত্যে পৌঁছানোর জন্য। তিনি আরও জানান, জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে কমিশন সব দলের মতামতকে গুরুত্ব দিচ্ছে, যাতে এটি একটি সর্বজনগ্রাহ্য দলিল হিসেবে গড়ে ওঠে।





