শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের নেই: শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, “কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকদের নেই।” শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালু মাঠে ‘জুলাই পূর্ণজাগরণ ২০২৫’ উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
শ্রম উপদেষ্টা বলেন, “প্রতিটি কারখানায় কমপক্ষে পাঁচটি ট্রেড ইউনিয়নের অনুমোদন দেওয়া হবে। এই ইউনিয়নগুলোর মাধ্যমে নির্বাচিত কালেক্টিভ বার্গেইনিং অ্যাজেন্ট (সিবিএ) শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।” তিনি আরও জোর দিয়ে বলেন, “শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের সাংবিধানিক অধিকার রয়েছে। মালিকপক্ষ এই অধিকার থেকে তাদের বঞ্চিত করতে পারবে না।”
সমাবেশে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং বিজিএমইএ’র সভাপতিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে শ্রমিক নেতারা তাদের অধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতির প্রশংসা করেন।
সাভারের একজন শ্রমিক নেতা মো. রফিকুল ইসলাম বলেন, “উপদেষ্টার বক্তব্য আমাদের আশাবাদী করেছে। ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ পেলে আমরা আমাদের অধিকার নিয়ে আরও সোচ্চার হতে পারব।” আরেক শ্রমিক রুমা আক্তার বলেন, “কালো তালিকাভুক্তির ভয়ে আমরা অনেক সময় ন্যায্য দাবি তুলতে পারি না। এই ঘোষণা আমাদের সাহস জোগাবে।”
শ্রম উপদেষ্টা জোর দিয়ে বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। কারখানায় শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং শোষণ বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে।” তিনি মালিকপক্ষকে শ্রমিকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে এবং কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।





