মালয়েশিয়া ফেরত বাংলাদেশিরা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো বাংলাদেশিরা জঙ্গি নয়, বরং ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। তিনি দাবি করেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই এবং গত ১০ মাসে জঙ্গিসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, “মালয়েশিয়ার পুলিশের দাবি সম্পর্কে আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তবে সরকারি পর্যায়ে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পাইনি।” তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের সহযোগিতায় বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল হয়েছে। গত ১০ মাসে জঙ্গিসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি, কারণ জঙ্গি আর নেই। আগে যখন ছিল, তখন আপনারা তথ্য দিয়েছেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সাম্প্রতিক আন্দোলনের কারণে রফতানি কার্যক্রমে ব্যাঘাত ঘটেছিল। এই ক্ষতির পরিমাণ ও বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি কার্গো ভিলেজ পরিদর্শন করেন। তিনি বলেন, “আমরা দেখতে এসেছি রফতানি কার্যক্রম কতটা বাধাগ্রস্ত হয়েছে এবং এখন তা স্বাভাবিক অবস্থায় ফিরেছে কিনা।”
জাহাঙ্গীর আলম আরও জানান, কৃষি পণ্যের রফতানি বৃদ্ধির কারণে বিমানবন্দরে কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানোর পরিকল্পনা চলছে। তিনি বলেন, “কৃষি পণ্যের রফতানি বেড়েছে, তাই আমাদের কোল্ড স্টোরেজের ধারণক্ষমতা বাড়াতে হবে। এটি আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত।”





